মেয়র হলে ইসরাইলি বন্ডে বিনিয়োগ বন্ধ করবেন জোহরান মামদানি
নিউইয়র্ক, ১৬ সেপ্টেম্বর ২০২৫ — নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী জোহরান মামদানি ঘোষণা করেছেন, নির্বাচিত হলে শহরের পেনশন তহবিলে আর ইসরাইলি বন্ডে বিনিয়োগ করা হবে না। তাঁর দাবি, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাই এই ধরনের বিনিয়োগ নিউইয়র্ক সিটির মূল্যবোধের সঙ্গে অসঙ্গত। মিডল ইস্ট আই জানায়, গত সপ্তাহে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “আমি মনে করি আমাদের এমন কোনো তহবিল থাকা উচিত নয় যা আন্তর্জাতিক আইন ভঙ্গের কাজে বিনিয়োগ করা হয়।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার ইতিমধ্যেই ইসরাইলি বন্ডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। মামদানির মতে, এটাই সঠিক পথ। তবে ইসরাইলের সঙ্গে ব্যবসা করে এমন অন্য কোম্পানিগুলো নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেননি। তাঁর বক্তব্য, প্রথমে খুঁজে বের করতে হবে নিউইয়র্ক সিটি কোথায় সরাসরি জড়িত। তিনি বলেন, “শহরের পেনশন তহবিলে ইসরাইলি বন্ড কেনা আমাদের মূল্যবোধের একটি স্পষ্ট প্রতিফলন। আর আমাদের মূল্যবোধ আন্তর্জাতিক আইনের সঙ্গেই সম্পর্কিত।” প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মার্চ পর্যন্ত ‘নিউইয়র্ক স্টেট কমন রিটায়ারমেন্ট ফান্ড’-এ প্রায় ৩৫২ মিলিয়ন ডলারের ইসরাইলি বন্ড ছিল।