Tranding
জেলার খবর / October 29, 2025

দেগঙ্গার চিত্তবসু মার্কেটে অন্ধকারে বাজার, পানীয় জলের কল বিকল — চরম দুর্ভোগে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা:

দেগঙ্গার চিত্তবসু মার্কেটে এখন অন্ধকার আর পানীয় জলের সংকটে জেরবার ব্যবসায়ীরা। কয়েক লক্ষ টাকা ব্যয়ে বসানো বাতিস্তম্ভে আর আলো জ্বলে না, মুখ থুবড়ে পড়ে রয়েছে বাজারের পানীয় জলের কল। সরকারি এই বাজারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা নাকি মেরামতির ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি বলেই অভিযোগ ব্যবসায়ীদের।

বাম আমলে তৈরি এই সরকারি বাজার বর্তমানে পরিচালনা করে উত্তর ২৪ পরগনা জেলা নিয়ন্ত্রিত বাজার দফতর। দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বাম আমলে বসানো দুটি পানীয় জলের কল। ব্যবসায়ীদের বক্তব্য, একাধিকবার অভিযোগ জানানোর পরও সংশ্লিষ্ট দফতরের তরফে কোনো সাড়া মেলেনি। ফলে প্রতিদিন পানীয় জলের খোঁজে অন্যত্র ছুটতে হচ্ছে তাদের।

বর্তমান তৃণমূল সরকারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিত্তবসু মার্কেটের সার্বিক উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই অর্থে বাজারে বেশ কিছু উন্নয়নমূলক কাজ হলেও বাস্তবে অনেক প্রকল্পই আজ বিকল অবস্থায়। কয়েক লক্ষ টাকা ব্যয়ে বসানো উচ্চ বাতিস্তম্ভের আলো বহুদিন ধরেই বন্ধ, আর গভীর নলকূপ স্থাপন করা হলেও সেখান থেকে এখনো জল সরবরাহ শুরু হয়নি।

ফলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন চিত্তবসু মার্কেটের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, “আলো নেই, জল নেই — অথচ অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয় না। সরকারি বাজার বলে কেউ খোঁজও নেয় না।”

বর্তমানে চিত্তবসু মার্কেটের করুণ অবস্থা যেন সরকারি অবহেলার এক প্রকৃষ্ট উদাহরণ। ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে পানীয় জলের কল ও আলো ব্যবস্থার মেরামতির উদ্যোগ নিক প্রশাসন। না হলে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.