উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২, আহত অন্তত ৫
উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই কারখানায় আগুন ধরে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বারাবাঙ্কি জেলা পুলিশের আধিকারিক অনুরাগ সিং জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কারখানার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং আহতদের চিকিৎসা চলছে।”
তিনি আরও জানান, কারখানার মালিক খালিদের নামে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানাটির বৈধ লাইসেন্স থাকলেও নিরাপত্তা নিয়ম যথাযথভাবে মানা হয়নি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
—প্রতীকী ছবি