মাদ্রিদে বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ২১
অনলাইন, বঙ্গ দর্পণ:স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার বিকেল ৩টার দিকে শহরের ভ্যালেকাস এলাকার মিস তেসোরোস নামের বারে এ বিস্ফোরণ ঘটে। খবর ডয়েচে ভ্যালে। বিস্ফোরণে বারের ছাদ আংশিক ধসে পড়ে এবং আশপাশের রাস্তায় কাঁচের টুকরো ছড়িয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে বাইরে ছুটে আসেন। বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।