Tranding
জাতীয় খবর / November 10, 2025

দিল্লি লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, তদন্তে নেমেছে এনআইএ ও এনএসজি, ঘটনাস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সংলগ্ন সুভাষ মার্গ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী। সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিস্ফোরণে অন্তত আট জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি।

বিস্ফোরণের পরেই এলাকায় ছুটে আসে দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে, এরপর রাস্তায় দেহাংশ ছড়িয়ে থাকতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি চারচাকা গাড়ির ভেতর থেকেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত না হলেও নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্রের খবর, কিছুদিন আগেই ওই অঞ্চলে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল, যা সন্দেহ আরও বাড়িয়েছে।

ঘটনার পরপরই দিল্লি পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশ্যাল ব্রাঞ্চ, এনআইএ ও এনএসজি ঘটনাস্থলে পৌঁছায়। ফরেন্সিক দলও তদন্ত শুরু করেছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতাল পরিদর্শনের পর ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন। আহতদের সঙ্গে দেখা করে তিনি বলেছেন, “তদন্তে যা উঠে আসবে, তা দেশের জনগণের সামনে প্রকাশ করা হবে। কোনও দিকই বাদ দেওয়া হচ্ছে না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই অমিত শাহের সঙ্গে কথা বলেছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এনআইএ-কে আনুষ্ঠানিকভাবে তদন্তভার দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, “বিস্ফোরণের কারণ অনুসন্ধান চলছে। সমস্ত প্রমাণ ও তথ্য বিশ্লেষণ করে দ্রুত রিপোর্ট জমা দেওয়া হবে।”

ঘটনার জেরে লালকেল্লা মেট্রো গেট ও আশপাশের এলাকা আপাতত বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.