কলকাতায় মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৮, নিখোঁজ বহু
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি মোমো তৈরির কারখানা ও সংলগ্ন গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে, যদিও সরকারিভাবে নিখোঁজের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
সোমবার ভোরে দক্ষিণ-পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার ওই কারখানা ও গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত দমকল কর্মীরা আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারেননি।
হতাহতদের স্বজনদের দাবি, আগুন লাগার সময় একাধিক কর্মী কারখানা ও গুদামের ভিতরেই আটকে পড়েন। তাঁদের অনেকেই আগুনে পুড়ে প্রাণ হারিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার একটি সামাজিক মাধ্যমে ১৪ জন নিখোঁজের নামের তালিকা প্রকাশ করেন।
দমকল সূত্রে জানা গেছে, একটি ডেকোরেটরসের গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং সেখান থেকে তা দ্রুত পাশের মোমো কারখানায় ছড়িয়ে পড়ে। গুদাম ও কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
নিখোঁজ এক শ্রমিকের আত্মীয় উত্তম সাহা জানান, তাঁর বোনের স্বামী কৃষ্ণেন্দু সাহা ওই গুদামে কাজ করতেন এবং ঘটনার পর থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। অন্যদিকে, এক শ্রমিকের স্ত্রী মৌসুমি হালদার জানান, ভোররাতে তাঁর স্বামী ফোন করে জানান যে তিনি আর বাঁচবেন না—এই কথার পর থেকেই তাঁর খোঁজ মেলেনি।
রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, গুদামের ভিতরের তীব্র উত্তাপ ও জটিল নির্মাণ কাঠামোর কারণে উদ্ধারকাজে সমস্যা হয়। আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা সেখানে ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলেও তিনি জানান।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। অগ্নিকাণ্ডের কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
ছবি: সংগৃহীত