Tranding
আর্ন্তজাতিক / November 27, 2025

হংকঙে বহুতল আবাসনে ভয়াবহ আগুন: মৃত অন্তত ৪৪, নিখোঁজ শতাধিক

হংকঙে একাধিক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। বুধবার বিকেল থেকেই শহরের বিভিন্ন আবাসিক টাওয়ারে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনও পর্যন্ত অন্তত ২৭৯ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। আবাসনগুলির ভিতরে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে দমকল বিভাগ।

দমকল সূত্রে জানা যায়, মোট সাতটি উচ্চ ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই গুরুতর যে ঘটনাটিকে ‘লেভেল–৫ অ্যালার্ম’ ঘোষণা করা হয়েছে। আগুন নেভাতে ১২৮টি ফায়ার ইঞ্জিন টানা কয়েক ঘণ্টা ধরে কাজ চালিয়েছে। ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে বহু তলায় প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত প্রায় ৭০০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের অস্থায়ী ভাবে একটি আশ্রয় শিবিরে রাখা হয়েছে। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

জানা গেছে, এই আবাসনগুলির আটটি ব্লকে মিলিয়ে প্রায় ৪৮০০ মানুষের বসবাস। কয়েকটি ভবনে আগুন এতটাই দ্রুত ছড়ায় যে বহু অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসে। চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া।

একজন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে প্রাণ হারান। হাসপাতালে নিয়ে যাওয়া আরও কয়েকজন দগ্ধ বাসিন্দাকে মৃত ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে তিন জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে তাঁদের ভূমিকা সম্পর্কে এখনও নিশ্চিত মন্তব্য করেনি প্রশাসন।

গত প্রায় দেড় দশকে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা যায়নি হংকঙে। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে আগুনে গ্রাস হওয়া বহুতলের ভয়াবহ ভিডিও—যেখানে টানা কয়েকটি টাওয়ার জ্বলতে দেখা যাচ্ছে।

পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনও সময় লাগবে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.