দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ, উত্তেজনা ছড়াল
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে দীপু দাস হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকেই হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করায় ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে।
দিল্লির পাশাপাশি কলকাতার বেকবাগান এলাকায়ও বাংলাদেশের উপদূতাবাসের কাছে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ও ধাক্কাধাক্কি হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে নিজেদের দাবির কথা জানান।
বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতেও প্রতিবাদ ও বিক্ষোভের পারদ চড়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের নেতৃত্বে দিল্লি ও কলকাতায় প্রতিবাদ কর্মসূচি চলে। হাইকমিশনের চত্বরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, “যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে।”
গত সপ্তাহে ময়মনসিংহে দীপু দাসের হত্যার প্রতিবাদে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে কিছু যুবক প্রতিবাদ করেছিলেন। এবার ভিএইচপি ও বজরং দলের আয়োজনে বড় পরিসরে বিক্ষোভ চলেছে দিল্লি ও কলকাতায়। বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানাচ্ছেন।
ছবি: সংগৃহীত