Tranding
জাতীয় খবর / December 6, 2025

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে মোদীর বার্তা: ‘ভারত নিরপেক্ষ নয়, শান্তির পক্ষেই’

দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত ২৩তম ভারত–রাশিয়া শীর্ষ বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বসে তিনি বলেন, “ভারত নিরপেক্ষ নয়, আমরা শান্তির সমর্থক।”

তিন বছর আগে উজবেকিস্তানে এসসিও সম্মেলনের সময় পুতিনকে মোদী জানিয়েছিলেন— “এটা যুদ্ধের সময় নয়।” বহু দিন পর দিল্লিতে বৈঠকে সেই অবস্থানই আরও একবার তুলে ধরলেন তিনি।

রাশিয়া–ইউক্রেন সংঘাত শুরুর পরে এই প্রথম ভারত সফরে এলেন পুতিন। বৈঠকে তিনি ভারতের প্রতি জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস দেন। তাঁর বক্তব্য, “ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়া প্রস্তুত। সহযোগিতার ক্ষেত্রও আরও বাড়বে।” সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তাঁর কড়া অবস্থানের জেরে ভারত রুশ তেল আমদানি কমিয়েছে। এই প্রেক্ষাপটে দুই নেতার যৌথ বার্তা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বৃহস্পতিবার রাতে দিল্লিতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদী প্রোটোকল ভেঙে বিমানবন্দরে স্বাগত জানান রুশ প্রেসিডেন্টকে। সৌজন্য বিনিময়ের পর দু’জন একসঙ্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নৈশভোজে যোগ দেন। পরদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে তাঁরা যান মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে।

২৫ বছরের পারস্পরিক সম্পর্কের উল্লেখ করে মোদী জানান, ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার রাশিয়া সফরের অভিজ্ঞতা তাঁর স্মরণীয়। পুতিনের ২০০০ সালের ভারত সফর থেকেই দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নতুন দিশা পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্য-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

ছবি: সংগৃহীত 

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.