যুক্তরাষ্ট্রে মেক্সিকো নৌবাহিনীর বিমান দুর্ঘটনা, দুই জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো নৌবাহিনীর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত দুই জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মেক্সিকো নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত ওই ফ্লাইটে মোট আট জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর চার জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দুই জনের সন্ধানে মার্কিন কোস্ট গার্ডের সহায়তায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি টেক্সাসের গালভেস্টন এলাকায় অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। এটি একটি বিশেষ মেডিকেল পরিবহন মিশনে নিয়োজিত ছিল, যা মেক্সিকোর একটি বেসরকারি ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছিল। সংশ্লিষ্ট ফাউন্ডেশনটি গুরুতর দগ্ধ শিশুদের চিকিৎসা সহায়তা দিয়ে থাকে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা শহর থেকে উড্ডয়ন করেছিল এবং গালভেস্টন উপসাগর সংলগ্ন একটি বিমানবন্দরের কাছে শেষবার এর অবস্থান শনাক্ত করা যায়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।