মাদাগাস্কারে সেনা অভ্যুত্থান: প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল
১৪ অক্টোবর ২০২৫:গণবিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সেনাবাহিনীর এক কর্নেল টেলিভিশন ভাষণের মাধ্যমে সরকারিভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেন। এর আগে মাদাগাস্কারের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট রাজোয়েলিনার অভিশংসনের পক্ষে ভোট হয়।
মঙ্গলবার অনুষ্ঠিত ওই ভোটে ১৩০ জন সংসদ সদস্য রাজোয়েলিনার অভিশংসনের পক্ষে মত দেন। তবে এই ভোটকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছেন রাজোয়েলিনা। তিনি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানান, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও ওই সভা অনুষ্ঠিত হয়েছে, যা সংবিধানবিরোধী।
এর পরপরই সেনাবাহিনীর নিয়ন্ত্রণ গ্রহণের খবর ছড়িয়ে পড়ে। দেশজুড়ে সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র: বিবিসি