বাদুড়িয়ায় জামায়াতে ইসলামী হিন্দের মাসিক দাওয়াতি ও তরবিরতি ইজতেমা অনুষ্ঠিত
জামায়াতে ইসলামী হিন্দ, উত্তর ২৪ পরগনা বাদুড়িয়া ব্লকের উদ্যোগে রবিবার বাগজোলা দার-উল হূদা প্রাঙ্গণে মাসিক দাওয়াতি ও তরবিরতি ইজতেমা সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দুই অধিবেশনে দাওয়াত, তরবিয়াত ও সংগঠনমূলক নানা বিষয়ে আলোচনা হয়।
প্রথম অধিবেশনে সূরা আল-জুমার থেকে দারসে কুরআন উপস্থাপন করেন জেলা নাজিম মাওলানা রফিকুল ইসলাম। বক্তৃতায় আলেম সমাজের ভূমিকা ও দাওয়াতি কার্যক্রমে ইহতিসাবের গুরুত্ব তুলে ধরা হয়। মহিলা কর্মীদের সমস্যা ও সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন কামরুন্নেসা। একই সঙ্গে "পর্দা ব্যবস্থা মুসলিম নারীর জীবন দুর্বিষহ করেছে" শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে রিয়াদুস সালেহীন থেকে দারসে হাদীস, বইপাঠ আলোচনা, কুইজ ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। জেলা নেতৃত্ব ও স্থানীয় আমিররা আনুগত্য, শৃঙ্খলা ও সংগঠন শক্তিশালীকরণ নিয়ে নির্দেশনা দেন।
মাওলানা রফিকুল ইসলামের দোয়া ও নসীহতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ইজতেমা ব্লকের সদস্য ও দায়িত্বশীলদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।