মার্কিন কংগ্রেস থেকে অবসরের ঘোষণা ন্যান্সি পেলোসির
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হাউস স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ৮৫ বছর বয়সী পেলোসি বলেন,
“আমি আর কংগ্রেসে প্রার্থী হচ্ছি না। আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি অর্জন করেছি—এবং আমাদের গণতন্ত্র রক্ষায় এগিয়ে যেতে হবে।”
পেলোসি ১৯৮৭ সালে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো জেলা থেকে প্রথমবার কংগ্রেস সদস্য নির্বাচিত হন। এরপর তিনি দ্রুত ডেমোক্র্যাট পার্টির শীর্ষ সারিতে জায়গা করে নেন।
২০০৭ সালে পেলোসি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে হাউস স্পিকারের পদে আসীন হন। ২০১১ পর্যন্ত দায়িত্ব পালনের পর তিনি আবার ২০১৯–২০২৩ সাল পর্যন্ত এই পদে ফিরে আসেন।
মার্কিন সংবিধান অনুযায়ী, হাউস স্পিকার ভাইস-প্রেসিডেন্টের পর রাষ্ট্রপতির উত্তরসূরি হিসেবে দ্বিতীয় স্থানে থাকেন।
রাজনৈতিক জীবনে পেলোসি ছিলেন বহু ঐতিহাসিক সিদ্ধান্তের অংশ। বারাক ওবামা প্রশাসনে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট পাসে এবং জো বাইডেন প্রশাসনে অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইন পাসে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় তিনি ছিলেন অন্যতম প্রধান বিরোধী কণ্ঠস্বর। ২০২০ সালে ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের কপি ছিঁড়ে ফেলার ঘটনাটি বিশ্বজুড়ে আলোচিত হয়।
চার দশকেরও বেশি সময় ধরে মার্কিন রাজনীতিতে সক্রিয় থেকে পেলোসির এই বিদায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটাল