এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়াকে সতর্ক করল ন্যাটো
এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়াকে সতর্ক করেছে। স্থানীয় সময় মঙ্গলবার ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই বার্তা দেন, জানায় রয়টার্স।
মার্ক রুটে বলেন, জোটটি মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত আছে বলে তিনি হুঁশিয়ারি দেন।
রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে রুটে ইচ্ছাকৃত বা সামরিক অযোগ্যতার ফল বলে উল্লেখ করেছেন। এর আগে রাশিয়া পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমাও লঙ্ঘন করেছে।
এদিকে, চলতি বছর নরওয়ে রাশিয়ার বিরুদ্ধে তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। সম্প্রতি এক ড্রোন দেখা যাওয়ায় ওসলো তাদের আকাশসীমা তিন ঘণ্টার জন্য বন্ধ করে দেয়। এছাড়া, গত শুক্রবার এস্তোনিয়াও তিনটি মিগ 31 যুদ্ধবিমানের অনুপ্রবেশের অভিযোগ আনে। তবে মস্কো উভয় অভিযোগই অস্বীকার করেছে।