Tranding
জাতীয় খবর / February 6, 2026

২০২৫ সালে আমেরিকা থেকে বহিষ্কৃত প্রায় চার হাজার ভারতীয়, সংসদে জানাল কেন্দ্র

২০২৫ সালে আমেরিকা থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে বলে সংসদে জানাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০-র বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সামগ্রিকভাবে এই সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি।

বিদেশ প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মার্কিন অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর হওয়ার পর বিভিন্ন দেশের অভিবাসীদের বিরুদ্ধে বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ভারতীয়রাও রয়েছেন। এই বিষয়ে ভারত সরকার আমেরিকার প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে এবং বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, বহিষ্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যিই ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করার বিষয়টিকে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। তবে আমেরিকায় গিয়ে ট্রাক বা ভারী যান চালানোর সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিকদের নির্দিষ্ট সরকারি পরিসংখ্যান তাঁর কাছে নেই বলেও তিনি স্বীকার করেন।

এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ রণদীপ সিংহ সূরজেওয়ালার প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী জানান, অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তথাকথিত ‘ডাঙ্কি রুট’ ব্যবহার করে মানবপাচারের অভিযোগে একাধিক এজেন্ট ও সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই চক্রগুলির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে ২২ হাজারেরও বেশি ভারতীয়কে বহিষ্কার করা হয়েছে। মায়ানমার থেকে ফেরত এসেছেন প্রায় ১ হাজার ৬০০ জন। পাশাপাশি কম্বোডিয়া, লাওস ও মায়ানমার থেকে মানবপাচারের কবল থেকে উদ্ধার করা হয়েছে কয়েক হাজার ভারতীয় নাগরিককে।

প্রতিমন্ত্রী জানান, ই-মাইগ্রেট পোর্টালে নিবন্ধনহীন প্রায় ৩ হাজার ৫০০ এজেন্টের নাম প্রকাশ করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বিদেশে চাকরি বা নাগরিকত্বের লোভ দেখিয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য সরকার নাগরিকদের বার বার সতর্ক করছে।

—প্রতীকী ছবি।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.