দেশে ৮,০০০ ভর্তিশূন্য স্কুল, রয়েছেন ২০,০০০ শিক্ষক! তালিকায় শীর্ষে পশ্চিমবঙ্গ
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে — ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সারা দেশে ৭,৯৯৩টি স্কুলে এক জনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি। অথচ, এই স্কুলগুলিতে কর্মরত শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রায় ২০ হাজার।
সবচেয়ে উদ্বেগজনক চিত্র দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের ৩,৮১২টি স্কুলে একজনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি, তবে সেই স্কুলগুলিতে রয়েছেন ১৭,৯৬৫ জন শিক্ষক। দ্বিতীয় স্থানে তেলঙ্গানা (২,২৪৫টি ভর্তিশূন্য স্কুল) এবং তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ (৪৬৩টি)।
তুলনামূলকভাবে ২০২৩-২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি— প্রায় ১৩ হাজার স্কুল ভর্তিশূন্য ছিল। শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, “স্কুল শিক্ষা রাজ্যের বিষয়। তাই রাজ্যগুলিকে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
অন্যদিকে, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, ত্রিপুরা, সিকিম এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোনও স্কুলই ভর্তিশূন্য ছিল না।
উত্তরপ্রদেশে ৮১টি স্কুলে কেউ ভর্তি হয়নি। রাজ্য বোর্ড জানিয়েছে, টানা তিন বছর ধরে ভর্তিশূন্য থাকা স্কুলগুলির স্বীকৃতি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়াও দেশে প্রায় এক লক্ষ স্কুলে মাত্র এক জন শিক্ষক কাজ করছেন, যেখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩৩ লক্ষ।
ছবি: আনন্দবাজার পত্রিকা