নেপালের জেন-জি আন্দোলনের নেতা সুদান গুরুং আসছেন নির্বাচনী ময়দানে
নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন যে তিনি আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে প্রার্থী হবেন। কাতারভিত্তিক আল-জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর আন্দোলন জনগণের সরকার গঠনের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে।
গুরুং বলেন, তাঁর দল প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়; বরং এটি একটি পরিবর্তনের আন্দোলন, যা সারা দেশে সমর্থকদের একত্রিত করছে। তিনি জানান, “স্বার্থপর ও দুর্নীতিবাজ নেতাদের কারণেই আমরা রাজনীতিতে নেমেছি। এখন আর পিছু হটার সময় নেই।”
দলটি দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নেপালের পর্যটন খাতের উন্নয়ন এবং ভারত-চীনের সঙ্গে বাহ্যিক হস্তক্ষেপ ছাড়া সম্পর্ক জোরদারের পরিকল্পনা করছে। গুরুং আরও বলেন, তিনি চান না যে পুরোনো রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনে অংশ নিক। তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার ঘটনার তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রসঙ্গে গুরুং বলেন, “আমি এখনই বলব না আমি সঠিক ব্যক্তি কি না। তবে জনগণ যদি আমাকে বেছে নেয়, আমি অবশ্যই দায়িত্ব নেব।”
তিনি জানান, তাঁকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে, কিন্তু তিনি নির্ভীক। “আমাকে হত্যা করলেও কিছু হবে না। এখনই জাতিকে বাঁচাতে হবে, নইলে আর কোনোদিন নয়।”