নিউ ইয়র্কে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার—অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি
নবনির্বাচিত নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আবারও স্পষ্টভাবে জানিয়েছেন—ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহরে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। নির্বাচনে বিজয়ের পর এবিসি৭-এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা পুনর্ব্যক্ত করেন।
এর আগে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে উৎসাহিত করেছিলেন। তবে সেই সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই মামদানি কড়া সমালোচনা করে জানান, এ ঘটনা শহরের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নিউ ইয়র্ক প্রশাসনের পররাষ্ট্র নীতিতে অসামঞ্জস্যও স্পষ্ট করেছে।
তিনি বলেন, “নিউ ইয়র্কবাসীরা এমন একটি প্রশাসন চায় যারা শহরের বাস্তব চাহিদাগুলোর প্রতি মনোযোগ দেবে। শ্রমজীবী মানুষের প্রয়োজন ও উদ্বেগগুলো বোঝার জন্য তাদের সাথে কথা বলা এখন সবচেয়ে জরুরি।”
মামদানি আরও বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি নিউ ইয়র্কের অঙ্গীকার অটুট রাখতে হবে। “আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা কার্যকর করতে হবে—তা নেতানিয়াহু হোক বা পুতিনই হোক,”—বলেন তিনি।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রাথমিক শুনানিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাদের বিরুদ্ধে যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার, গণহত্যা, হত্যা এবং নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
শহরের ইহুদি সম্প্রদায়ের বিষয়ে কথা বলতে গিয়ে মামদানি জানান, নিউ ইয়র্কের সব ইহুদিকে রক্ষা ও সমর্থন করা তাঁর দায়িত্ব। তিনি বলেন, “আমি শুধু তাদের সুরক্ষা দেব না, বরং তাদের সংস্কৃতি, পরিচয় এবং সামাজিক অবদানকেও সম্মান ও লালন করব।”