ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষণা: “এখানেই আমাদের জায়গা, ফিলিস্তিনি রাষ্ট্র হবে না”
বঙ্গ দর্পণ অনলাইন ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার পশ্চিম তীরের মালে আদুমিম নামক এক ইসরায়েলি বসতিতে নতুন সম্প্রসারণ পরিকল্পনায় স্বাক্ষর করেছেন। এই পরিকল্পনার আওতায় হাজার হাজার নতুন বসতি স্থাপন করা হবে—যা ফিলিস্তিনিরা ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাবি করে আসছে। বসতি পরিদর্শনের সময় নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানান, “ফিলিস্তিনি রাষ্ট্র কোনোভাবেই হবে না। এই জায়গা আমাদের। আমরা আমাদের ঐতিহ্য, ভূমি ও নিরাপত্তা রক্ষা করব এবং শহরের জনসংখ্যা দ্বিগুণ করব।” উল্লেখ্য, গত মাসেই বিতর্কিত ‘E1’ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে। নেতানিয়াহুর এই ঘোষণার জবাবে ফিলিস্তিনি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপপ্রধান হুসেইন আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শক্তি ও সামরিক জবরদস্তির মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানো যাবে না। স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম থেকে ফিলিস্তিনি জনগণকে কেউ থামাতে পারবে না।” তিনি আরও বলেন, ইসরায়েলি দখলদারির যেকোনো পরিকল্পনা ও পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে। বিশ্বজুড়ে মিত্র ও সমর্থকদের সহযোগিতায় ফিলিস্তিনি জনগণ নিজেদের বৈধ জাতীয় লক্ষ্য অর্জন করবে। প্রেক্ষাপট: ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতি আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে। বিশেষ করে ‘E1’ প্রকল্পকে শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি কার্যকর হলে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী বানানোর সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।