Tranding

মাত্র ২ মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাবে নতুন ‘হাড়ের আঠা’, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব সম্ভব

বেজিং, ১৬ সেপ্টেম্বর: চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কারের দাবি করেছে চীনের বিজ্ঞানীরা। তাদের নতুন উদ্ভাবন ‘বোন ০২’ নামে একটি জৈব উপাদান, যা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাঙা হাড়কে জোড়া লাগাতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হাড়ের চিকিৎসায় এক বিপ্লবী পরিবর্তন আনতে পারে।

বর্তমানে ভাঙা হাড় মেরামতের জন্য ধাতব ইমপ্লান্ট ব্যবহার করা হয়। এতে রোগীকে অস্ত্রোপচারের সময় কষ্ট সহ্য করতে হয়, এবং হাড় সেরে গেলে ইমপ্লান্ট অপসারণের জন্য পুনরায় অস্ত্রোপচার প্রয়োজন হয়। এতে চিকিৎসার খরচও বৃদ্ধি পায়। কিন্তু ‘বোন ০২’ ব্যবহার করলে ধাতব ইমপ্লান্টের প্রয়োজন হবে না। হাড় সেরে গেলে ছয় মাসের মধ্যে আঠাটি নিজে থেকেই শরীরের সঙ্গে মিশে যায়, ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচারের ঝুঁকি দূর হয়।

গবেষক দলের প্রধান ড. লিন জিয়ানফেং জানান, এই আঠার ধারণা এসেছে প্রকৃতির অনুপ্রেরণা থেকে। তিনি লক্ষ্য করেন, সমুদ্রের তীব্র ঢেউ বা স্রোতের মধ্যেও ঝিনুক কীভাবে শক্তভাবে পাথরে আটকে থাকে। সেই নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই আঠা।

পরীক্ষায় দেখা গেছে, আঠাটির বাঁধন শক্তি ২০০ কেজিরও বেশি চাপ সহ্য করতে পারে। অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের ওপর এটি প্রয়োগ করলে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই শুকিয়ে যায় এবং হাড়কে শক্তভাবে জোড়া লাগায়। রক্তমিশ্রিত আর্দ্র পরিবেশেও এটি সমান কার্যকর।

সম্পূর্ণ জৈব-নিরাপদ উপাদান দিয়ে তৈরি এই আঠা মানবদেহের জন্য ক্ষতিকর নয়। ড. লিন ও তার দল ৫০টিরও বেশি ভিন্ন ফর্মুলা পরীক্ষা করে শত শত ল্যাব এক্সপেরিমেন্টের পর ‘বোন ০২’ তৈরি করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যেই ১৫০-এরও বেশি রোগীর ওপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে। ফলাফল প্রমাণ করেছে, এটি কার্যকর, নিরাপদ এবং টেকসই।

চীনের সরকার এই আবিষ্কারের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পেটেন্টের আবেদন করেছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.