মিয়ানমারে নতুন ভূমিকম্প, সীমান্ত এলাকায় কম্পন অনুভূত
মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫.৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আন্দামান সাগরে, মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
এর আগে গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়। পরদিন শনিবার তিন দফায় মৃদু কম্পন অনুভূত হয়, যা বিশেষজ্ঞদের মতে আফটারশক।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও তিনটি ছোট মাত্রার ভূমিকম্প হয়—সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে ৩.৫ ও ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। রাত ১১টা ১ মিনিটে আবারও ৩.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলমান ভূমিকম্প প্রবণতার কারণে আগামী এক সপ্তাহের মধ্যে আরও কয়েকটি কম্পন হতে পারে।