ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: এমআরএনএ ভ্যাকসিনে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা
চিকিৎসা বিজ্ঞানে নতুন আশা জাগিয়েছে এক আধুনিক ক্যানসার প্রতিষেধক। ‘মেসেঞ্জার আরএনএ’ বা ‘এমআরএনএ’ ভিত্তিক এই টিকা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে সক্রিয় করতে পারে যে, ক্যানসার কোষকে নিজেই ধ্বংস করতে সক্ষম হয় শরীর।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক দল সম্প্রতি এক পরীক্ষায় এই প্রতিষেধকের কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তাঁদের মতে, ইমিউনোথেরাপির পাশাপাশি এই টিকা প্রয়োগ করলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ক্যানসারের কোষকে শিকড় থেকে নির্মূল করতে সাহায্য করে।
গবেষণায় দেখা গিয়েছে, ইঁদুরের ওপর পরীক্ষায় এই টিকা বড় ও কঠিন টিউমার প্রতিরোধেও কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রচলিত ইমিউনোথেরাপি যেখানে নির্দিষ্ট প্রোটিন লক্ষ্য করে কাজ করে, সেখানে এমআরএনএ টিকা পুরো প্রতিরোধ ব্যবস্থা জাগ্রত করে দেয়।
গবেষকদের আশা, এই প্রযুক্তি ভবিষ্যতে এমন সব ক্যানসারের ক্ষেত্রেও ফলদায়ক হবে, যেগুলিকে এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণভাবে দমন করা সম্ভব হয়নি।