তিব্বত সীমান্তে পাহাড়ি ধসে ভেঙে পড়ল চিনের নবনির্মিত সেতু
চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে পাহাড়ি ধসের ঘটনায় তিব্বতের সঙ্গে সংযোগ স্থাপনকারী নবনির্মিত একটি সেতুর একাংশ ভেঙে পড়েছে। মাত্র দু’মাস আগে উদ্বোধন হওয়া এই সেতুটি ছিল অঞ্চলটির অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক রুট।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর ও মাটি সেতুর মাঝের অংশে আঘাত হানে। এতে হংকি ব্রিজের (Hongqi Bridge) একটি বড় অংশ ধসে পড়ে এবং মূল ভূখণ্ড চিনের সঙ্গে তিব্বতের ওই অঞ্চলের যোগাযোগ আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
সেতুটি জাতীয় সড়ক জি-৩১৭–এর উপর নির্মিত হয়েছিল। ৭৫৮ মিটার দীর্ঘ ও গিরিখাতের তলদেশ থেকে প্রায় ৬৫০ মিটার উঁচু এই সেতুটি সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
চিনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ধসে প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি ভেঙে পড়ায় সীমান্ত এলাকায় পিপলস লিবারেশন আর্মি (PLA)-র রসদ ও সরঞ্জাম সরবরাহে প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, কয়েক বছর আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান অঞ্চলে অবস্থিত হাসানাবাদ সেতুও একইভাবে ধসে পড়ে, যা বাণিজ্যিক ও সামরিক পরিবহণে বাধা সৃষ্টি করেছিল।
ছবি: সংগৃহীত