নাইজেরিয়ায় সেনা অভিযানে প্রায় ৫০ জন বোকো হারাম জঙ্গি নিহত
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা বৃহস্পতিবার প্রায় ৫০ জন বোকো হারাম জঙ্গিকে হত্যা করেছে।
সেনাবাহিনীর মুখপাত্র সানি উবা এক বিবৃতিতে বলেন, সকালবেলা বোর্নো ও ইয়োবি রাজ্যের সামরিক ঘাঁটিগুলিতে সন্ত্রাসীরা একযোগে হামলা চালায়।
তিনি জানান, স্থল ও বিমান হামলার যৌথ অভিযানে সেনারা হামলাকারীদের প্রতিহত করে। এই জঙ্গিদের একটি অংশ উত্তর ক্যামেরুন এবং ইয়োবি রাজ্যের কাটারকো গ্রাম থেকে হামলা চালিয়েছিল বলে জানা গেছে।
উবা আরও জানান, সেনারা প্রায় ৭০ জন আহত জঙ্গিকে ধাওয়া করছে এবং অভিযানে স্থল ও আকাশ উভয় বাহিনী একসঙ্গে কাজ করছে।
গত মাসে বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের দার আল-জামাল গ্রামে রাতের হামলায় অন্তত ৬০ জনকে হত্যা করেছিল।