ফিরলেন না সরফরাজ, দ্বিতীয় টেস্টে গিলের বদলে দলে নীতীশ রেড্ডি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়ে হাসপাতালে যেতে হয় ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে। প্রথম ইনিংসে তিনটি বল খেলার পরই ব্যথার কারণে তিনি মাঠ ছাড়েন এবং পরবর্তী সময়ে হাসপাতালে ভর্তি হতে হয়। যদিও তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, তবু ২২ নভেম্বর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
অনেকে ধারণা করেছিলেন, গিলের পরিবর্তে দলে ডাকা হতে পারে সরফরাজ খানকে। কিন্তু আবারও তাঁর ভক্তদের হতাশ করে দ্বিতীয় টেস্টের জন্য নির্বাচকরা ডাক দিলেন তরুণ ব্যাটার নীতীশ রেড্ডিকে।
ইডেন টেস্টে মাত্র আড়াই দিনে ভারতের লজ্জাজনক হারের পর কোচ গৌতম গম্ভীরের পিচ নির্বাচন নিয়ে সমালোচনা শুরু হয়। তবে গম্ভীর দাবি করেন, ইডেনে তিনি পছন্দের পিচই পেয়েছিলেন, কিন্তু ব্যাটাররা সেভাবে খেলতে পারেননি।
২২ বছরের নীতীশ রেড্ডি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’–র বিরুদ্ধে বেসরকারি দুই টেস্টে ৯০ ও ৩৭ রান করেছিলেন। সিরিজের প্রাথমিক দলে নাম থাকলেও ইডেন টেস্টের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
গিলকে চার দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বিসিসিআই জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং তাঁকে খেলানোর জন্য ঝুঁকি নেওয়া হবে না। ফলে দ্বিতীয় টেস্টে গিলের না খেলার সম্ভাবনাই প্রবল।