রাশিয়ায় প্রায় ৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং, দাবি সিউলের গোয়েন্দা রিপোর্ট
দক্ষিণ কোরিয়ার সংসদের এক সদস্য জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া প্রায় পাঁচ হাজার সেনা রাশিয়ায় পাঠিয়েছে, তথাকথিত "অবকাঠামো পুনর্গঠন" প্রকল্পে অংশ নেওয়ার উদ্দেশ্যে। মঙ্গলবার এক গোয়েন্দা ব্রিফিংয়ের পর এই তথ্য প্রকাশ করেন সাংসদ লি সঙ-কুন।
তিনি জানান, “সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে প্রায় ৫,০০০ উত্তর কোরীয় সেনা রাশিয়ায় মোতায়েন হয়েছে। তাঁদের অবকাঠামো পুনর্গঠনের কাজে ব্যবহার করা হচ্ছে।” দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আরও সেনা পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে প্রায় ১০,০০০ উত্তর কোরীয় সেনা রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে অবস্থান করছে। এদের মধ্যে অনেকে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে, যেখানে প্রায় ৬০০ জন উত্তর কোরীয় সেনা নিহত এবং হাজার হাজার আহত হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়া থেকে বিপুল অর্থ, সামরিক প্রযুক্তি এবং খাদ্য ও জ্বালানি সহায়তা পাচ্ছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাশ কাটানোর বড় উপায় হিসেবে কাজ করছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসিথের সীমান্ত সফরের ঘণ্টাখানেক আগে উত্তর কোরিয়া একাধিক কামান ও রকেট নিক্ষেপ করেছে।
তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে, কিম জং উন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী এবং “সঠিক সময়ে” সংলাপ পুনরায় শুরু করতে চান।