চীনে গেলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোই সন হুই চীন সফরে গেছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম রবিবার জানায়, শনিবার তিনি একটি ভাড়া করা বিমানে করে প্রতিনিধি দলসহ পিয়ংইয়ং থেকে রওনা হন। বিদায়ের সময় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং চীনের রাষ্ট্রদূত ওয়াং জিয়াজুন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে এই সফর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে।
এই সফরটি আসছে এমন এক সময়ে, যখন উত্তর কোরিয়া শাসক ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ অক্টোবর বিশাল সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে চীনের সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যোগ দেন এবং পরদিন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেই সফরে কিমের সঙ্গে ছিলেন চোই সন হুইও।