Tranding
আর্ন্তজাতিক / September 11, 2025

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম

বঙ্গ দর্পণ অনলাইন ডেস্ক:
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছেন চলমান জেন-জি বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর নেপাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সচিব রমনকুমার কর্ণ এই তথ্য নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্তান টাইমস-এর।আন্দোলনকারীরা সুশীলার নাম প্রস্তাব করলেও তিনি শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা তাদের দাবি তুলে ধরেন এবং ৭৩ বছর বয়সী সুশীলাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করেন।রাজনৈতিক পরিসরের বাইরে থাকায় এবং প্রাজ্ঞ হিসেবে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে আন্দোলনকারীরা মনে করছেন। সুশীলা কার্কি নেপালের ইতিহাসে একমাত্র নারী যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। যদি প্রস্তাবটি সেনাপ্রধান মেনে নেন, তাহলে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়বেন তিনি।সুশীলার স্বামী নেপালের যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তবে তিনি নিজে সক্রিয় রাজনীতির বাইরে থেকেছেন। ১৯৭৫ সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৭৯ সালে তিনি বিরাটনগরে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। ২০০৯ সালে তাকে সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে প্রধান বিচারপতির দায়িত্ব পান।এদিকে, নেপালে টানা অস্থিরতার পর পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সারাদেশে সেনা মোতায়েনের পাশাপাশি কারফিউ ও বিভিন্ন বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.