ইরানের হাতে আটক মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শনিবার মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ আটকের দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, জাহাজটি সিঙ্গাপুরগামী ছিল এবং এতে প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য বহন করা হচ্ছিল।
ওই ঘটনার আগের দিন, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স সামুদ্রিক নিরাপত্তা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় যে আইআরজিসি ‘টালারা’ নামক তেলবাহী জাহাজটিকে থামিয়ে ইরানের আঞ্চলিক জলে নিয়ে যায়। জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘কোলোম্বিয়া শিপ ম্যানেজমেন্ট’ জানিয়েছে, তারা জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ হারিয়েছে।
সূত্রগুলো বলছে, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি ভারত মহাসাগরীয় এলাকায় উচ্চ সালফারযুক্ত ডিজেল তেল (গ্যাস অয়েল) বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করছিল।
এদিকে ব্রিটিশ সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমকালে একটি জাহাজের হঠাৎ পথ পরিবর্তন করে ইরানি জলসীমায় প্রবেশের পেছনে কোনো ‘রাষ্ট্রীয় কার্যক্রম’ থাকতে পারে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ‘অ্যামব্রি’ জানিয়েছে, তিনটি ছোট নৌকা টালারা জাহাজটির নিকটবর্তী হয় এবং দক্ষিণমুখী যাত্রার সময় সেটিকে থামিয়ে দেয়।