দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় এক নাগরিক নিহত
দক্ষিণ লেবাননের বেন্ট জবেইল এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর চালানো ড্রোন হামলায় এক লেবাননি নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ওই হামলাটি চালানো হয়।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) জানিয়েছে, বেন্ট জবেইল শহরে একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে বেন্ট জবেইল ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিজ–এর কর্মী আলী শাইতু ঘটনাস্থলেই প্রাণ হারান।
ড়লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত পাবলিক হেলথ অপারেশনস সেন্টার নিশ্চিত করেছে যে ড্রোন হামলায় এক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধে’ ২০২৪ সালের ২৭ নভেম্বর যে সমঝোতা কার্যকর হয়, ইসরায়েল এখনও তার শর্ত পুরোপুরি মানেনি। এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে এবং প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় বুলডোজিং, বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটছে।