Tranding
জাতীয় খবর / September 25, 2025

লাদাখের অশান্তি নিয়ে বিরোধীদের সরব: সংবেদনশীল ব্যবস্থাপনার দাবি

নিজস্ব সংবাদদাতা ,আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

লাদাখে রাজ্যের দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ সহিংসতায় রূপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করল বিরোধী শিবির। বুধবার একাধিক বিরোধী দল জানায়, পরিস্থিতি সংবেদনশীলভাবে সামলানো জরুরি। পাশাপাশি সহিংসতার আসল কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের স্পষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানানো হয়।

বাম দলগুলির অভিযোগ, এই অশান্তির জন্য সরাসরি দায়ী কেন্দ্রের মোদি সরকার। অন্যদিকে কংগ্রেস সাংসদ ও দলের জ্যেষ্ঠ মুখপাত্র মনীশ তেওয়ারি এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে লেখেন, “লাদাখ একটি সীমান্তবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল। চীনের সঙ্গে অচলাবস্থা পুরোপুরি কাটেনি, যদিও একাধিক দফায় সেনা প্রত্যাহার হয়েছে। তাই পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে সামলানো উচিত। কেন একটি শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ সহিংস হয়ে উঠল, তার ফরেনসিক তদন্ত হওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, মাটির পরিস্থিতির নিখুঁত বিশ্লেষণ করতে হবে—কোন প্ররোচনায় আন্দোলন সহিংসতার পথে গেল, কারা প্রকৃতপক্ষে এর নেপথ্যে আছে, তা শনাক্ত করা এখন সময়ের দাবি।

 বিরোধী শিবিরের বক্তব্য, অশান্তির ঘটনায় রাজনৈতিক দায় এড়াতে সরকার চাইছে দোষ চাপাতে আন্দোলনকারীদের ঘাড়ে। কিন্তু আসল সত্য উদ্ঘাটন করতে হলে নিরপেক্ষ তদন্ত জরুরি।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.