গাজায় ১৬ হাজারের বেশি রোগী ইভাকুয়েশনের অপেক্ষায়, বলছে ডব্লিউএইচও
গাজা উপত্যকায় ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে এবং গুরুতর অসুস্থ রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মাঠে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রেইয়েসাস।
রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, ১৬ হাজার ৫০০-র বেশি রোগী, যাদের মধ্যে প্রায় ৪ হাজার শিশু, জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে ইভাকুয়েশনের অপেক্ষায় রয়েছেন। তিনি আরও জানান, ৩০টির বেশি দেশ আহত ও রোগীদের গ্রহণের জন্য তাদের দরজা খুলে দিয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতালে এখনো শত শত আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত মানুষ চিকিৎসা ও আশ্রয়ের অপেক্ষায় রয়েছে। সীমিত চিকিৎসা সুবিধার কারণে হাসপাতালের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
গেব্রেইয়েসাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজার সব ইভাকুয়েশন রুট—বিশেষ করে পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীরের দিকে—অবিলম্বে খুলে দিতে হবে, যাতে রোগীরা দ্রুত চিকিৎসা পেতে পারে।
তিনি বলেন, “স্বাস্থ্য ও পুনরুদ্ধার অপেক্ষা করতে পারে না।”