তিন দিনে ২ কোটির বেশি ফর্ম বিলি, বেড়েছে সব দলের বুথ এজেন্ট সংখ্যা
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার তৃতীয় দিনে রাজ্যজুড়ে জোরকদমে চলছে বাড়ি-বাড়ি এনুমারেশন ফর্ম বিলি। বুথ লেভেল অফিসাররা (বিএলও) এখন পর্যন্ত ২ কোটি ১ লক্ষেরও বেশি ফর্ম বিতরণ করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রতিটি বিএলও-র দায়িত্ব ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করা। পাশাপাশি, বৃহস্পতিবার থেকেই অনলাইনে ফর্ম পূরণের সুবিধাও চালু হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় দিনে বিএলওদের পাশাপাশি বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-এর সংখ্যাও বেড়েছে প্রায় সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই। বর্তমানে সর্বাধিক বিএলএ নিয়োগ করেছে বিজেপি — ৩৭,৭০০ জন। এর পরেই রয়েছে তৃণমূল কংগ্রেস ৩৫,৩৬৪ জন নিয়ে। বামফ্রন্টের মধ্যে সিপিএমের এজেন্ট সংখ্যা ২৯,১৬০, কংগ্রেসের ৬,৯৯৯ এবং ফরওয়ার্ড ব্লকের ১,২২৫।
আগের দিনগুলির তুলনায় এক দিনে তৃণমূলের এজেন্ট সংখ্যা প্রায় ৮ হাজার বৃদ্ধি পেয়েছে। কমিশনের অনুমান, আগামী কয়েক দিনে এই সংখ্যা আরও বাড়বে।
যাঁরা কর্মসূত্রে রাজ্যের বাইরে রয়েছেন, তাঁদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
ছবি: সংগৃহীত