পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত সংঘর্ষে নিহত ডজনখানেক, আহত শতাধিক
লন্ডন:তীব্র সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বুধবার নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অন্তত কয়েক ডজন সেনা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে দুই দেশের সীমান্ত সূত্র জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় দেশ "জটিল কিন্তু সমাধানযোগ্য ইস্যুটির ইতিবাচক সমাধান" খুঁজতে আন্তরিক প্রচেষ্টা চালাবে। আফগান সরকারের মুখপাত্রও নিশ্চিত করেছেন যে তালিবান বাহিনী যুদ্ধবিরতি মানবে, তবে শর্ত দিয়েছে যে "অন্য পক্ষ আগ্রাসন না করলে"।
গত সপ্তাহে আফগানিস্তানে একাধিক বিস্ফোরণের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পাকিস্তান এসব বিস্ফোরণের জন্য কাবুলকে দায়ী করেছে, অপরদিকে আফগানিস্তান অভিযোগ করেছে যে ইসলামাবাদ তাদের সীমান্তে হামলা চালাচ্ছে।
ধবার সকালে আফগান প্রদেশ কান্দাহারের স্পিন বোল্ডাক এলাকায় সংঘর্ষে ২০ জন তালিবান যোদ্ধা নিহত হয় বলে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে। এছাড়া, রাতের সংঘর্ষে আরও ৩০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, আফগান সূত্র দাবি করেছে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৮০ জন নারী-শিশু আহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী এই অভিযোগকে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে উড়িয়ে দিয়েছে। গত সপ্তাহের সংঘর্ষে তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে বলে ইসলামাবাদ জানায়।
এদিকে, পাকিস্তান সরকার অভিযোগ করেছে যে আফগান তালিবানরা “তেহরিক-ই-তালিবান পাকিস্তান” গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে, যারা ২০২১ সালে আফগান তালিবানের ক্ষমতা গ্রহণের পর থেকে শতাধিক পাকিস্তানি সেনাকে হত্যাকরেছে।