সীমান্তে উত্তেজনা প্রশমনে তুরস্কে দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান
সীমান্তে উত্তেজনা কমাতে ফের মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। শনিবার তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকে আফগানিস্তানের মাটিতে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির ওপর কড়া নজরদারি এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলবে। বিশেষত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর কার্যকলাপই আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে ধারণা।
টিটিপি মূলত আফগান তালিবানেরই একটি শাখা, যারা পাকিস্তানের ভেতরে একাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে এসেছে। পাকিস্তানের অভিযোগ, কাবুল প্রশাসন এবং ভারতের মদতে এই গোষ্ঠী সীমান্তে অশান্তি সৃষ্টি করছে—যদিও কাবুল ও নয়াদিল্লি সেই অভিযোগ অস্বীকার করেছে।
চলতি মাসের শুরুতে সীমান্তে সংঘর্ষে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছিলেন। এরপর টিটিপি-র নেতা আহমদ কাজ়িম একটি ভিডিয়োবার্তায় সেনাপ্রধান আসিম মুনিরকে সরাসরি হুঁশিয়ারি দেন।
গত সপ্তাহে কাতারের দোহায় প্রথম দফার বৈঠক হয়েছিল দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী মৌলবি মহম্মদ ইয়াকুব মুজাহিদ এবং খোয়াজা আসিফের নেতৃত্বে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এবার ইস্তানবুলের বৈঠকে কিছু অগ্রগতি হবে কিনা, সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল।
ছবি: আনন্দবাজার পত্রিকা