‘দোকানদার নাকি’! ট্রাম্পকে বিরল খনিজ দেখাতে গিয়ে কটাক্ষের শিকার পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী
আমেরিকা সফরে গিয়ে সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। সম্প্রতি হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ছবিতে দেখা গিয়েছে, মুনির একটি বাক্সে বিরল খনিজ পদার্থ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছেন। পাশে হাসিমুখে তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী শরিফ।
এই দৃশ্যকে কেন্দ্র করেই পাকিস্তানের সংসদে তীব্র কটাক্ষের ঝড় ওঠে। আওয়ামী ন্যাশনাল পার্টির নেতা আইমল ওয়ালি খান সেনাপ্রধানকে ‘দোকানদার’ আখ্যা দিয়ে বলেন, ‘‘যেভাবে একজন দোকানি তার সবচেয়ে দামী পণ্য ক্রেতাকে দেখান, ঠিক সেইভাবে মুনির ট্রাম্পকে খনিজ দেখাচ্ছিলেন।’’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘‘কোনো দেশের সেনাপ্রধান কি এভাবে খনিজ ভর্তি ব্রিফকেস নিয়ে ঘোরেন?’’
বিতর্ক আরও বাড়ে কারণ পাকিস্তানের ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজ়েশন সম্প্রতি আমেরিকার স্ট্র্যাটেজিক মেটালস কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে প্রতিরক্ষা ও প্রযুক্তিতে বিরল খনিজের ব্যবহার নিয়ে যৌথভাবে কাজ হবে। এই প্রেক্ষিতেই ট্রাম্পকে খনিজ প্রদর্শনের ঘটনা ঘটে।
পার্লামেন্টে প্রশ্ন উঠেছে—সেনাপ্রধান কোন ক্ষমতাবলে আমেরিকার প্রেসিডেন্টকে পাকিস্তানের সম্পদ দেখালেন? বিরোধীদের অভিযোগ, ‘‘এটা স্বেচ্ছাচারিতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী।’’
ছবি :আনন্দবাজার