বালোচিস্তান মন্তব্যে পাকিস্তানের রোষে সলমন খান, ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা
রিয়াধে এক অনুষ্ঠানে বালোচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে উল্লেখ করায় পাকিস্তান সরকারের রোষের মুখে পড়লেন বলিউড তারকা সলমন খান।
সৌদি আরবের রাজধানীতে ভারতীয় সিনেমার প্রসার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সলমন বলেন,
“এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ কাজ করতে আসেন—যেমন বালোচিস্তান, আফগানিস্তান, পাকিস্তান থেকেও।”
এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। পাকিস্তানের দাবি, সলমন ইচ্ছাকৃতভাবে বালোচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এর জেরে পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা তাঁকে ‘সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে এবং দেশে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।
অন্যদিকে, বালোচ নেতা মীর ইয়ার বালোচ সলমনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “সলমন খান আমাদের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও বালোচিস্তানের মধ্যে রাজনৈতিক ও স্বাধীনতা ইস্যু নিয়ে টানাপোড়েন চলছে। সলমনের এক মন্তব্যেই যেন নতুন করে আগুন জ্বলে উঠেছে পুরনো সেই বিতর্কে।