কাশ্মীর প্রসঙ্গে ভারতের উদ্দেশে বার্তা পাক প্রধানমন্ত্রীর, ‘পূর্ণ সমর্থন’-এর কথা জানাল ইসলামাবাদ
কাশ্মীর ইস্যুতে ফের কড়া অবস্থান নিল পাকিস্তান। বৃহস্পতিবার ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে পাক অধিকৃত কাশ্মীরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেন, কাশ্মীর সমস্যা মেটাতে হলে কাশ্মীরের মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে এবং রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব কার্যকর করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, কাশ্মীর পাকিস্তানের অংশ হওয়া উচিত।
শাহবাজের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে ভারতের উদ্দেশে একটি কূটনৈতিক বার্তা। তাঁর কথায়, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত বিবাদ বন্ধ করতে হলে রাজনৈতিক স্তরে আলোচনার প্রয়োজন রয়েছে। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের ভারত-পাক উত্তেজনার সময়ে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মহলে নতুন করে গুরুত্ব পেয়েছিল।
অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও কাশ্মীরের নাগরিকদের প্রতি রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের কথা জানান। পাশাপাশি, পাকিস্তানের সামরিক বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সেনাপ্রধান আসিম মুনির-সহ তিন বাহিনীর প্রধানরা কাশ্মীরিদের পাশে রয়েছেন। ওই দিন সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব একাধিক সামরিক ঘাঁটিও পরিদর্শন করেন বলে জানানো হয়েছে।
কাশ্মীর প্রসঙ্গ টানতে গিয়ে শাহবাজ শরিফ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলি জিন্নাহর মন্তব্য উদ্ধৃত করে বলেন, কাশ্মীর পাকিস্তানের বিদেশনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি কাশ্মীর পরিস্থিতির সঙ্গে প্যালেস্তাইনের তুলনাও করেন এবং একাধিক কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতার নাম উল্লেখ করেন।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের এই যৌথ বার্তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
—ফাইল ছবি।