পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি: হামলা হলে যৌথ প্রতিরোধ
১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার রিয়াদের ইয়ামামা প্রাসাদে বুধবার এক গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব। এ চুক্তিতে স্বাক্ষর করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে, নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির প্রতি প্রতিশ্রুতি জোরালো করবে। প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব ও ইসলামি ভ্রাতৃত্ব আরও দৃঢ় হলো এই চুক্তির মাধ্যমে।
চুক্তি স্বাক্ষরের আগে সৌদি যুবরাজ শাহবাজ শরিফকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।