ভারতের সম্ভাব্য সীমান্ত উস্কানি নিয়ে সতর্ক পাকিস্তান, দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি দাবি প্রতিরক্ষামন্ত্রীর
ইসলামাবাদ: আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই ভারতের বিরুদ্ধে সম্ভাব্য সীমান্ত উত্তেজনার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এক পাক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে, তাই আমরা দুই ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত।”
গত কয়েক দিন ধরে পাক-আফগান সীমান্তে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। তালিবানের দাবি, কন্দহরে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৫০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
আসিফ আরও দাবি করেন, কাবুল ভারতের মদতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তাঁর কথায়, “এই সংঘর্ষবিরতির সিদ্ধান্তও দিল্লি থেকে নেওয়া হচ্ছে।”
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “পাকিস্তান বরাবরই সন্ত্রাসবাদকে মদত দেয়। প্রতিবেশীদের দোষারোপ করা তাদের পুরনো স্বভাব।”
ভারত স্পষ্ট জানিয়েছে, তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। সাম্প্রতিক সময়ে তালিবান মন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের পরই পাক-আফগান উত্তেজনা তীব্র হয়েছে।
ছবি: ফাইলচিত্র