পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবার হুঁশিয়ারি
পাকিস্তান জাতিসংঘে আফগানিস্তানের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, কাবুল যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে ইসলামাবাদ তার নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে।
ইফতিখার আহমেদ আরও বলেন, আফগানিস্তান বর্তমানে সন্ত্রাসী গোষ্ঠী এবং ‘প্রক্সি’ বাহিনীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
তিনি সতর্ক করে বলেন, “তালেবান কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। তা না হলে পাকিস্তান তার সার্বভৌমত্ব, নাগরিক এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করবে।”
রাষ্ট্রদূত আরও জানান, দায়েশ-কে, আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন আফগানিস্তানে নিরাপদ আশ্রয় পাচ্ছে। এসব গোষ্ঠী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনুপ্রবেশ, আত্মঘাতী বোমা হামলা এবং সহিংস কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো অবৈধ অস্ত্র ব্যবসা, যৌথ প্রশিক্ষণ এবং আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সমন্বিত হামলা চালানোর জন্য একে অপরের সঙ্গে সহযোগিতা করছে। পাশাপাশি জাতিসংঘ ও আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশনকে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির বস্তুনিষ্ঠ মূল্যায়ন করার আহ্বান জানান।
ইফতিখার আহমেদ বলেন, “নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থাকা সত্ত্বেও পাকিস্তান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, যার মধ্যে দোহা ও ইস্তাম্বুলে সাম্প্রতিক আলোচনা অন্তর্ভুক্ত, কিন্তু তা থেকে কোনো ফলাফল আসেনি। তালেবান কর্তৃপক্ষ জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।”