শান্তি-বৈঠকের আগে ফের যুদ্ধের হুঁশিয়ারি, তালিবানকে সতর্ক করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নতুন করে শান্তি-বৈঠক শুরু হওয়ার আগেই ফের কড়া হুঁশিয়ারি শোনালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি-আলোচনা হওয়ার কথা।
বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘‘যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে আমাদের হাতে একমাত্র পথ যুদ্ধই। আমরা নিজেদের রক্ষা করব এবং যে ভাবে আমাদের লক্ষ্য করা হচ্ছে, তাতে প্রতিক্রিয়াও আসবে।’’
আসিফের অভিযোগ, আফগানিস্তান সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে এবং জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে, কাবুলের তালিবান সরকার পাল্টা অভিযোগ করেছে যে পাকিস্তান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে এবং আইএস জঙ্গিদের সহায়তা করছে।
গত ৯ অক্টোবর সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর আগে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অক্টোবরের শেষ সপ্তাহে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়, তবে বাস্তবায়নের নিয়ম নিয়ে মতভেদ থেকেই যায়।
ইস্তানবুলে বৃহস্পতিবারের বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল সংঘর্ষবিরতির প্রয়োগের শর্ত ও পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করবে।