প্যারিস বৈঠক: লেবাননের সেনাবাহিনীর প্রতি সমর্থন জোরদার, ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি
লেবাননের সেনাবাহিনীকে সহায়তা জোরদার করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাল ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্যারিসে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসে লেবাননের সশস্ত্র বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সহায়তা দিতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে।
এই বৈঠকে সৌদি আরবের লেবাননবিষয়ক দূত যুবরাজ ইয়াজিদ বিন ফারহান, ফ্রান্সের বিশেষ দূত জঁ-ইভ লোদ্রিয়াঁ, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মর্গান অরটেগাস এবং লেবাননের সেনাপ্রধান জেনারেল রুডলফ হাইকেল উপস্থিত ছিলেন।
ফ্রান্সের প্রেসিডেন্সি দপ্তর এলিসে প্যালেস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, লেবাননে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে এবং সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে তিন দেশ যৌথভাবে একটি ত্রিপাক্ষিক কর্মকমিটি গঠন করবে। এই কমিটি ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতির দায়িত্ব নেবে।
বিবৃতিতে আরও বলা হয়, তিন দেশই লেবাননের সেনাবাহিনী ও তাদের আত্মত্যাগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। কূটনৈতিক সূত্রের মতে, লেবাননের সেনাবাহিনীর কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে শক্তিশালী করছে এবং বিশেষ করে ইসরায়েলের সমালোচনার মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।