ফিলিপাইনে ‘কালমাইগি’ ঘূর্ণিঝড়ে নিহত অন্তত ১৪০, জরুরি অবস্থা ঘোষণা
ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘কালমাইগি’-র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে, আর ১২৭ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র।
সরকারি হিসাব অনুযায়ী, ঝড়টি দক্ষিণ ও মধ্য ফিলিপাইনের একাধিক প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। জাতীয় দুর্যোগ প্রতিরক্ষা কার্যালয় জানিয়েছে, অন্তত ১১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, তবে সেবু প্রদেশে স্থানীয় প্রশাসন অতিরিক্ত ২৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে।
প্রায় ২০ লাখ মানুষ এ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং ৫ লাখ ৬০ হাজারের বেশি গ্রামীণ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট মার্কোস বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেন, জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার দ্রুত ত্রাণ তহবিল বিতরণ ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে।
এটি চলতি বছরের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে ভিয়েতনামের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।