গাজা পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মোদী–নেতানিয়াহুর ফোনালাপ
বুধবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, মোদী গাজা সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিপ্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
সরকারি সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি, পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি এবং নয়াদিল্লি–তেল আভিভের কৌশলগত সম্পর্ক—এই বিষয়গুলো ফোনালাপের মূল কেন্দ্রবিন্দু ছিল। পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রোধে সহযোগিতার বিষয়টিও উঠে এসেছে বলে জানা যায়।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইজরায়েলি সামরিক অভিযান শুরু হলে দুই নেতা ফোনে আলোচনা করেছিলেন। চলতি বছরের জুন মাসে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইজরায়েলের বিমান হামলার প্রসঙ্গেও মোদীকে অবহিত করেছিলেন নেতানিয়াহু।
ভারত বহু দিন ধরেই ইজরায়েল–প্যালেস্টাইন সংঘাতের সমাধানে ‘দুটি স্বাধীন রাষ্ট্র’ গঠনের পক্ষে মত দিয়েছে। মোদী সরকারের আমলে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও নয়াদিল্লির এই নীতি অপরিবর্তিত রয়েছে।