Tranding
জাতীয় খবর / November 18, 2025

দিল্লির দূষণ চরমে! একিউআই ৪০০ ছাড়িয়ে ‘ভয়াবহ’ স্তরে বায়ুর মান

রাজধানী দিল্লির বায়ুদূষণ আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। সপ্তাহের শুরুতেই শহরের আকাশ ঢেকে গিয়েছে ঘন ধোঁয়াশায়, আর বাতাসের মান নেমে এসেছে ‘ভয়াবহ’ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়ায় ৩৫৯, যা ‘গুরুতর’ শ্রেণির অন্তর্ভুক্ত।

সবচেয়ে দূষিত এলাকার তালিকায় উঠে এসেছে বাওয়ানার নাম, যেখানে সকাল ৭টার সময়ে AQI ছিল ৪২৭। পাশাপাশি কর্তব্য পথ, চাঁদনি চক, পঞ্জাবিবাগ, আর কে পুরম, পাটিয়ারগঞ্জ ও আনন্দ বিহারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও একিউআই ৩৪০ থেকে ৩৮৫–এর মধ্যে ঘোরাফেরা করেছে।

বিশেষজ্ঞদের মতে, বাতাসের গতি কম থাকা ও ধোঁয়াশার পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই দূষণ দ্রুত ছড়াচ্ছে। গত সপ্তাহেই রাজধানীতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের তৃতীয় ধাপ কার্যকর করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

দীপাবলির পর দূষণ নিয়ন্ত্রণে আনতে দিল্লি সরকার ‘ক্লাউড সিডিং’-এর উদ্যোগ নেয়। কয়েক দফা ট্রায়ালও হয়েছে। তবে বৃষ্টির প্রভাব নগণ্য হওয়ায় এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তবুও এই ট্রায়ালগুলির জন্য ইতিমধ্যেই সরকারের খরচ হয়েছে প্রায় ১.০৭ কোটি টাকা।

বায়ুদূষণের এই মাত্রায় শ্বাসকষ্ট, চোখের জ্বালা, শ্বাসযন্ত্রের রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে চিকিৎসকদের একাংশ। দূষণের লাগাম টানতে প্রশাসন ও বাসিন্দাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.