ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৬৯ জনের মৃত্যু
ফিলিপাইনের মধ্যাঞ্চলে মঙ্গলবার সন্ধ্যায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৬৯ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ও ভবনের দেয়াল ধসে পড়ে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং আতঙ্কে হাজারো মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রেক্স ইয়াগট জানান, ভূমিকম্পের কেন্দ্র ছিল সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগো থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। ওই শহরেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। তিনি সতর্ক করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ একটি পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর খসে পড়ায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
ফিলিপাইন ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি বিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, এটি ছিল অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প এবং আরও ক্ষয়ক্ষতি ও আফটারশকের আশঙ্কা রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেবু অঞ্চলের কয়েকটি গির্জা ধসে পড়তে দেখা যায়। আতঙ্কে বাজার থেকে মানুষ দৌড়ে বেরিয়ে আসেন এবং সেবুর একটি হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।
ঘটনার আগে, মাত্র কয়েকদিন আগেই একটি ভয়াবহ ঝড়ে ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৭ জন মারা গিয়েছিলেন এবং হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছিলেন। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়ানোর আগেই নতুন এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলো অঞ্চলটি।