বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের রাজ্য সম্মেলন–২০২৫ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কলকাতা, ২ নভেম্বর ২০২৫: কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভাগৃহে রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের রাজ্য সম্মেলন–২০২৫ এর প্রস্তুতি সভা। সভার সভাপতির আসন অলংকৃত করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. শামসুল হক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কামাল হোসেন, যার মধ্য দিয়ে সভার শুভ সূচনা হয়।
প্রস্তুতি সভায় আগত সদস্যদের পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ট্রাস্টের রাজ্য সম্মেলন আয়োজন করা হবে। ভেন্যু হিসেবে বেশ কয়েকটি নাম প্রস্তাব করা হয়েছে, যা কেন্দ্রীয় কমিটি পরিদর্শন করে চূড়ান্তভাবে ঘোষণা করবে বলে জানানো হয়।
এই সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই সম্মেলন স্মারক সংখ্যা, নারী ভাবনা সংখ্যা ও সাহিত্যিক ডিরেক্টরি (সংশোধিত ও পরিমার্জিত) প্রকাশের কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে শিশু–কিশোর প্রতিভা সন্ধান কর্মসূচিও জোরদারভাবে চলছে, যাদের মধ্য থেকে নির্বাচিত প্রতিভাবান শিশু-কিশোরদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। জেলা কমিটিগুলিকে বিষয়গুলি জানানো হয়েছে এবং অচিরেই প্রতিটি জেলার জন্য সম্মেলন-সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে।
সভায় কবিদের কবিতা পাঠ, মনোজ্ঞ আলোচনা ও তুহিনা হকের সুমধুর সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। কবিতা পাঠ করেন – সেখ আনিসুর রহমান, সৈয়দা বেনজির আসরার, সৈয়দ হাস্নে আরা ও রাফিয়া সুলতানা। বক্তব্য রাখেন কলকাতা জেলার সভাপতি আশিফ শাহ, লেখক ও সাংবাদিক আব্দুল গফফার, শিক্ষাভাবুক ও সাংবাদিক হাসিম আব্দুল বরকতি এবং লেখক-কলামিস্ট সোনা বন্দ্যোপাধ্যায়।
সভা চলাকালীন কবি ও ছড়াকার রাফিয়া সুলতানার শিশু-কিশোরদের জন্য লেখা বই ‘কি মজারে ভাই’-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয়। বইটির ছবি ও প্রচ্ছদ এঁকেছেন কবি নিজেই, এবং এটি প্রকাশ করেছে বঙ্গীয় পাবলিশার্স। উল্লেখযোগ্যভাবে, বইটির প্রকাশক কপি বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টকে দান করা হয়েছে, যার বিক্রয়লব্ধ অর্থ শিশু–কিশোর প্রতিভা সন্ধান কর্মসূচিতে ব্যয় করা হবে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের সম্পাদক এম রুহুল আমিন ও সহ-সম্পাদিকা মুস্তারী বেগম।
অনুষ্ঠানটি সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের সমন্বয়ে হয়ে ওঠে এক সার্থক ও অনুপ্রেরণামূলক সন্ধ্যা।