সিরিয়ায় ‘পুনর্নির্মাণ মিশন’ শুরু ঘোষণা করলেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
আসাদ পতনের এক বছর পূর্তির প্রাক্কালে নানা চ্যালেঞ্জে নতুন সরকার।
আসাদ সরকারের পতনের প্রায় এক বছর পূর্তির প্রাক্কালে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দেশ পুনর্গঠনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল আলেপ্পো দুর্গে অনুষ্ঠিত এক স্মারক অনুষ্ঠানে তিনি বলেন, “সিরিয়াকে নতুন করে গড়ার কাজ আজ থেকেই পূর্ণ মাত্রায় শুরু হলো।”
আলেপ্পোর ঐতিহাসিক দুর্গে সমবেত হাজারো নাগরিককে তিনি স্মরণ করিয়ে দেন যে আলেপ্পো ছিল গোটা দেশ পুনরুদ্ধারের দ্বার। তার ভাষায়, “আজকের এই উদযাপন শুধু আলেপ্পো মুক্তির নয়; এটি পুরো সিরিয়ার নতুন ইতিহাস রচনার সূচনা।”
প্রেসিডেন্ট শারা বলেন, আলেপ্পো পুনর্দখলের পর থেকেই পুনর্নির্মাণের যাত্রা শুরু হয়েছে। এখন সকল নাগরিককে সঙ্গে নিয়ে তিনি সিরিয়াকে স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে চান।
জটিল অভ্যন্তরীণ–বাহ্যিক চ্যালেঞ্জে সরকার
আসাদ পতনের পর গঠিত নতুন সরকার এখন একাধিক জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। অভ্যন্তরীণভাবে দেশের বিভিন্ন অঞ্চল এখনো নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক বিভক্তির মধ্য দিয়ে যাচ্ছে। অন্যদিকে, দেশের ভেতরে ইসরায়েলের অব্যাহত অভিযান ও আগ্রাসন বহিরাগত চাপ বাড়িয়ে তুলেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আগ্রাসন শুধু সিরিয়ার ওপর নয়, সমগ্র অঞ্চলজুড়ে স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি অভিযোগ করেন, এসব হামলা যেকোনো রাজনৈতিক সমাধানের পথকে দুর্বল করে দিচ্ছে।
এদিকে তথ্যমন্ত্রী হামজা আল-মুস্তফা জানান, সিরিয়া ইসরায়েলের উসকানিতে পা দেবে না। তার ভাষায়, “ইসরায়েল একটি দুর্বল ও বিভক্ত সিরিয়া চায়। বর্তমান সরকারকে তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করছে।”