ইউজিসি রেগুলেশন ২০২৬ নিয়ে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন, জাতভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে জোরালো দাবি
নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ৯ ফেব্রুয়ারি সমতা সংগ্রাম সমিতির উদ্যোগে ইউজিসি রেগুলেশন ২০২৬ নিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা ক্ষেত্রে জাতভিত্তিক বৈষম্য ও প্রাতিষ্ঠানিক নিপীড়নের বিরুদ্ধে এই সম্মেলনে একসঙ্গে হাজির হন সমাজকর্মী, শিক্ষাবিদ এবং ছাত্রনেতারা।
সম্মেলনে ফ্র্যাটারনিটি মুভমেন্টের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক লুবাইব বশির। তিনি বলেন, ইউজিসি রেগুলেশন ২০২৬ দীর্ঘদিনের আন্দোলনের ফল, যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জাতিগত বৈষম্যের বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, এই নিয়মের বিরোধিতায় যে সাভর্ণ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তা মূলত জবাবদিহির ভয় থেকেই জন্ম নিচ্ছে।
লুবাইব বশির আরও বলেন, ইউজিসি রেগুলেশন একটি অগ্রগতি হলেও, এটি একা উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত জাতবৈষম্য ও প্রাতিষ্ঠানিক সহিংসতার মোকাবিলা করতে যথেষ্ট নয়। তিনি স্পষ্টভাবে জানান, নিপীড়িত ছাত্রছাত্রীদের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করতে ‘রোহিত আইন’ প্রণয়নের দাবি কোনওভাবেই আপসযোগ্য নয়।
তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, এই আন্দোলন শুধুমাত্র প্রতীকী অন্তর্ভুক্তির জন্য নয়, বরং উচ্চশিক্ষা ব্যবস্থার মৌলিক কাঠামোগত পরিবর্তনের জন্য। ফ্র্যাটারনিটি মুভমেন্ট নিপীড়িত জনগোষ্ঠীর ঐক্যের প্রশ্নে আপসহীন অবস্থান নেবে বলেও তিনি জানান।
সম্মেলনে উপস্থিত বক্তারা একমত হন যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতিগত নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ও বাধ্যতামূলক আইনি সুরক্ষা ছাড়া প্রকৃত সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়।